ফটোকার্ড
সোহান সেখ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে ভাঙাচোরা সড়ক সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক মো. হায়দার আলী আকন্দ। তার এই উদ্যোগে এলাকাবাসী, রিকশাচালক, অটোরিকশাচালক ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।
সম্প্রতি উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কের দমদমা সরকারপাড়া ব্রিজ সংলগ্ন প্রায় ২০০ মিটার রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি। এ কাজে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
এর আগে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামকান্তপুর কুন্ডবাড়ি ব্রিজ থেকে মধ্যপাড়া পর্যন্ত প্রায় ৬০০ ফুট রাস্তা সংস্কার করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। একইভাবে শাহিগোলা গ্রামের রেলডালা থেকে কামালের চাতাল পর্যন্ত প্রায় ৬০০ ফুট রাস্তার সংস্কার কাজ করা হয়েছে, যেখানে খরচ হয়েছে আরও প্রায় ২০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালনা করছেন তিনি।
স্থানীয় রিকশাচালক আব্দুস সামাদ বলেন, রাস্তাগুলো অনেক দিন ধরে ভাঙা ছিল। চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন রাস্তা ঠিক হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে।
অটোরিকশাচালক শাহীন আলম বলেন, “ভাঙা রাস্তার কারণে গাড়ির ক্ষতি হতো। যাত্রী নিয়েও সমস্যায় পড়তে হতো। সংস্কারের পর এখন অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।”
পথচারী রহিমা খাতুন বলেন, বৃষ্টি হলেই কাদা আর গর্তে চলাচল করা কষ্টকর হয়ে যেত। এখন রাস্তা ভালো হওয়ায় আমাদের ভোগান্তি কমেছে।
স্থানীয় বাসিন্দা সিরাজ আলী বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করা প্রশংসার দাবি রাখে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল সরকার বলেন, মানুষের দুর্ভোগ কমাতে হায়দার আলী আকন্দ নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও বৃক্ষরোপণ করছেন। এসব কাজ এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
এ বিষয়ে মো. হায়দার আলী আকন্দ বলেন, “আমি রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে এলাকার মানুষের কষ্ট কমাতে চেষ্টা করছি। যেসব সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল, সেগুলো ধাপে ধাপে সংস্কার করা হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও অব্যাহত থাকবে। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।




