পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ ২০২৬ ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।
ঘটনাটি ঘটেছে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে। জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি বসত ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। এতে চারটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান, চাল, সরিষা ও নগদ অর্থ পুড়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-
মৃত খইমুদ্দিন সরকারের ছেলে মো. রফিকুল ইসলাম, মৃত খইমুদ্দিনের স্ত্রী সবুরা খাতুন, মৃত আজগার আলী মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন এবং মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম।
শনিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অষ্টমনীষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান জাহান বকুল, ইউপি সদস্য শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া ইউনিয়ন যুব ক্রীড়া বিভাগের সভাপতি মো. ওয়ারেছ আলী উপস্থিত ছিলেন।






