মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক মামুনুর রশিদ (৫০) হত্যার ঘটনায় সংঘটিত ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মো. তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মো. রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার মো. নূর আলম (২৫)।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ বিকেলে ভাড়ার অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক মামুনুর রশিদ। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আরএমপির ডিবি পুলিশ। ১৫ মে ২০২৬ রাত আনুমানিক সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে প্রথমে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় রাত পৌনে ৪টা ও পৌনে ৫টার দিকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চক্রটির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে এর আগেও রাজপাড়া থানায় ৬টি মামলা রয়েছে। অপর আসামি রাব্বির বিরুদ্ধেও একাধিক মামলা চলমান আছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মহানগরীতে অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আরএমপি।






