ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সলংগা থানা এলাকায় “সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ” ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সিরাজগঞ্জ জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সলংগা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা সকলকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে শান্তি, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সুন্দর সিরাজগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।





