ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্র :
বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সরকার অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমা সনদধারীদের সীমিত পরিসরে পেশাগত নিবন্ধন (প্রাক্টিস রেজিস্ট্রেশন) প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. আল আমীন সরকার। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল মুকিত আজাদ, জেলা শাখার সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. শাহ আলম। এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। এসব এলাকায় দন্ত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দক্ষ ডেন্টাল ডিপ্লোমাধারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন সরকারি নিয়োগ না থাকায় অসংখ্য ডিপ্লোমাধারী চাকরির বয়সসীমা অতিক্রম করেছেন। ফলে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া সম্ভব না হলেও প্রাক্টিস রেজিস্ট্রেশনের মাধ্যমে জনগণের সেবায় নিয়োজিত করার সুযোগ সৃষ্টি করা যেতে পারে।

তারা আরও বলেন, ডেন্টাল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগে হাতে-কলমে প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টাল ডিপ্লোমাধারীরা দেশের দন্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাদের পেশাগত নিবন্ধন নিশ্চিত হলে একদিকে যেমন রাষ্ট্রের দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহার হবে, অন্যদিকে হাজারো শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করতে বিষয়টি জনস্বার্থের আলোকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।





