সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আগামী কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদে আলোচনায় শীর্ষে রয়েছেন বর্তমান সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন। দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

ইকবাল হোসেন জীবন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন, মামলা ও দমন-পীড়ন চালানো হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং এর আগের প্রতিটি আন্দোলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের ফলেই আজ বিএনপি নতুনভাবে শক্তি সঞ্চয় করেছে।
জীবন বলেন, তাদের প্রত্যাশা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, তৃণমূলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে ইকবাল হাসান জীবন সভাপতি পদে দায়িত্ব পেলে সংগঠন আরও শক্তিশালী হবে।






