ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে রায়পুরকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে প্রতিষ্ঠার দাবিতে পথসভা করেছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে শহরের বাজার স্টেশন চত্বর, চৌরাস্তা মোড় ও ইবি রোডের পাঁচ রাস্তার মোড়ে সংগঠনের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের আহ্বায়ক ও সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য নবকুমার কর্মকার, কমিটির সদস্য সচিব তরিকুজ্জামান টরিকসহ প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ ঐতিহাসিকভাবে একটি রেলনির্ভর শহর। জেলার সার্বিক উন্নয়ন ও উত্তরাঞ্চলের সঙ্গে আধুনিক রেল যোগাযোগ জোরদার করতে রায়পুর জংশনকে কেন্দ্রীয় রেল জংশন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।





