ফটোকার্ড
সোহান সেখ :
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ যতই প্রভাবশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে যাওয়ার সুযোগ নেই। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একইসঙ্গে যারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেয় বা তাদের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সমাবেশটির আয়োজন করা হয়।
বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক, আইনের চেয়ে কেউ বড় নয়। যারা মাদকের ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ আইনের চেয়ে বড় নয়। মাদকের সঙ্গে কিছু কিছু লোক আছে, যারা মাদক কারবারীর থেকে টাকা খায়। তাদেরকেও আমরা ঠিকই চিনি। তাদের আমরা যমুনা নদীতে পাঠাবো।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, সবার খবর আমাদের প্রয়োজন। গোপণে কল দিবেন, সাথে সাথে ওই বাড়িতে যারা আছে সবাইকেসহ আমরা ধরে আনব। এই সিরাজগঞ্জ থেকে এসপি স্যারের নির্দেশনা রয়েছে। আমরা মানুষ। আমরা কোনো রাজনীতিবিদের কথা শুনবো না। আইন অনুযায়ী কাজ করবো।
সমাবেশের শুরুতে স্থানীয় মসজিদের ইমাম পবিত্র কোরআনের আলোকে মাদকের কুফল ও সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল রশিদ (কালু) এবং সঞ্চালনা করেন বিজয় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। সমাবেশে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।




