ফটোকার্ড
মো.মোকলেসুর রহমান মামুন :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন ২০২৬খ্রীঃ) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন—মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী, যিনি জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন এবং মো. রাকিবুল ইসলাম রিফাত, যিনি জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান ও দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করে উল্লাপাড়ার মুখ উজ্জ্বল করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের অর্জন শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থী বা বিদ্যালয়ের নয়, বরং পুরো উল্লাপাড়া উপজেলার জন্য গর্বের বিষয়। তারা মনে করেন, ক্যামেলিয়া ও রিফাতের এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এমন সাফল্য সম্ভব হয়েছে। তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। তিনি শিক্ষার্থীদের প্রতি নিয়মিত অধ্যয়ন ও প্রতিভা বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত একটি স্মরণীয় আয়োজন।




