ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজাখার চর গ্রামে যুবসমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ রানা বলেন, রাজাখার চর গ্রামের এ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ ধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার শ্রদ্ধেয় মুরুব্বিদের সম্পৃক্ত করে এমন একটি আয়োজন করা দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের উদ্যোগকে সফল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মুরুব্বিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের প্রত্যাশা, “মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ”—এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং তরুণরা সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে আরও উদ্বুদ্ধ হবে।




