সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আলোকবর্তিকা এ উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার (১৩ ই মার্চ ২০২৬) সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে রোজার বাজার ও ঈদ উপহার তুলে দেন আলোকবর্তিকা প্রতিষ্ঠাতা ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমনা আক্তার শিমু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সহ আলোকবর্তিকার সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ ফুটে উঠবে। এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করে। উপহার পেয়ে অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদকে সামনে রেখে পাওয়া এই উপহার তাদের পরিবারের জন্য অনেক সহায়ক হবে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





