ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), পুলিশ সুপার, সিরাজগঞ্জ। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি, কার্যকর সহযোগিতা এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল United Nations Population Fund (UNFPA)-এর কারিগরি সহায়তায় এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





