সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
সম্প্রতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানুসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভিপি শামীম খান নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু ব্যক্তি বিশেষের সম্মানহানিই করছে না, বরং দলের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য এবং ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, সিরাজগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল প্রযুক্তিনির্ভর অপপ্রচারের মাধ্যমে দলীয় নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও কন্টেন্ট সাধারণ মানুষের মাঝে নেতাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, দলীয় কোন্দলকে পুঁজি করে তৃতীয় কোনো পক্ষ কিংবা অতি উৎসাহী কোনো গোষ্ঠী এসব অপপ্রচারের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষ বা অসাধু মহল প্রযুক্তির অপব্যবহার করে নেতাদের সম্মানহানি এবং দলকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
ভিপি শামীম খান আরও বলেন, যারা গোপনে থেকে এসব অপকর্ম পরিচালনা করছে, তাদের দ্রুত শনাক্ত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের সাইবার অপপ্রচার ও বুলিং দীর্ঘমেয়াদে দলের জনভিত্তি এবং রাজনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দলীয় নেতাকর্মীরা অবিলম্বে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও কুৎসা রটনার সংস্কৃতি থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।






