মোঃ হোসেন আলী ছোট্ট : ‘মানবপাচার রোধে চাই সচেতনতা’ ‘বাংলাদেশ একইসাথে মানবপাচারের উৎস ও ট্রানজিট দেশ হওয়ায় শুধু স্থলপথেই নয়, সাগর পাড়ি দিয়েও পাচার ঘটছে। এর বাইরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিদেশে থাকা আত্মীয়-স্বজনের সাফল্য দেখেও অনেকে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে পাচারের শিকার হচ্ছেন। আমাদের প্রচলিত আইন মূলত অপরাধ দমনে কাজ করে, কিন্তু পাচার রোধে ‘প্রতিরোধ’ বা সচেতনতা গড়া বেশি জরুরি। ব্র্যাকসহ সকল সরকারি-বেসরকারি সংস্থাকে তাই পাচার প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে।

বুধবার (১৩ মে ২০২৬) সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং ফোর-পিএস’ (Combating Human Trafficking through Strengthening 4Ps) প্রকল্পের উদ্যোগে আয়োজিত জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, “২০১২-১৩ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বর্তমানে মানবপাচার কমে এসেছে। তবে সিরাজগঞ্জে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাচারের শিকার নারীদের তালিকা দিলে মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সব ধরনের সহযোগিতা করবে। পাচারের মূল হোতা বা দালাল চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলে সাধারণ মানুষ আর প্রতারিত হবে না।

সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল বলেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং টিটিসি থেকে বিদেশগামীদের যে ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ দেওয়া হয়, তার ব্যাপক প্রচার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা পাচারের শিকার হয়ে দেশে ফিরেছেন, তাদের আইনি সহায়তার জন্য লিগ্যাল এইড কমিটির কাছে পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মানবপাচার রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে সারা দেশেই সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।
যোগাযোগের জন্য:এমআরএসসি কোঅর্ডিনেটর, সিরাজগঞ্জ
মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক। যোগাযোগ: 880 1798-332529






