ফটোকার্ড
জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহাদত খন্দকার। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ৪৩ জন উপকারভোগীর মাঝে বাইসাইকেল এবং ৩১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রাথমিক স্তরের ১৫৩ জন এবং মাধ্যমিক স্তরের ৬১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগের ফলে সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটছে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





