ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্র :
সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২টায় শহরের মুজিব সড়ক, বি.এ. কলেজ এলাকা ও ফজলুল হক রোডে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে মুজিব সড়কের আরমানি রেস্তোরাঁকে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বি.এ. কলেজ এলাকায় নিষিদ্ধ বেকারি পণ্য ইস্ট বেকার বিক্রির অপরাধে উদ্যোগ হোটেল অ্যান্ড কনফেকশনারির মালিক মো. রিপন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ময়দা ও সুজি তৈরি ও বিপণনের দায়ে মেসার্স আরিশা ট্রেডার্স-এর মালিক মো. মাসুদ রানাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জেলা ভোক্তা অধিদপ্তরে প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নান্না বিরিয়ানি হাউজ-এর মালিক মো. হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র্যাব এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




