ফটোকার্ড
মো. হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিরোধীদলীয় হুইপ ও উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মো. রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রজ্জু, সুমন, আব্দুল লতিফ, আব্দুল আলীম, নজরুল ইসলাম, সুজন, সিহাব, ইয়াহিয়া ও সিয়ামের পরিবারের সদস্যদের সম্মাননা ও অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এখনো শেষ হয়নি। নিহত প্রত্যেক শহীদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যারা কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় এনে যাদের বিরুদ্ধে রায় হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মো. শাহীনুর আলম। তিনি শহীদ পরিবার ও আহতদের পাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ শহর শাখার আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,

সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা মো. আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা মাহমুদ।




