ফটোকার্ড
মোঃ সুমন সেখ,স্টাফ রিপোর্টার:
আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন মোঃ রাশেদ শেখ। তিনি বর্তমানে সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
রাশেদ শেখ বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নমুখী ১৩ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে চান। নির্বাচিত হলে নাগরিক সেবার মানোন্নয়ন, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করব। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
রাশেদ শেখ বলেন, “জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়, বরং বছরের প্রতিটি দিন জনগণের পাশে থাকা। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমস্যা শুনে সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করব। জনগণের স্বার্থই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা শুনে সেগুলো বাস্তবায়নে কাজ করার আশ্বাস দিয়েছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উৎসাহ বাড়ছে। এ প্রেক্ষাপটে রাশেদ শেখ ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা পেলে একটি সেবামূলক, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”




