সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো কামারখন্দ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হালুয়াকান্দি নয়াপাড়া গ্রামের সুজন প্রামানিককে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে কৃষ্ণদিয়ার এলাকায় পৃথক আরেকটি অভিযানে আব্দুল আলিম, সেলিম প্রামানিক, সোহেল আকন্দ ও জামতৈল মধ্যপাড়া গ্রামের শাহিন প্রামানিককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, একই অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার শাকিল নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, কামারখন্দ এলাকায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মানুষ।






