প্রভাষক গিয়াস উদ্বদিন সরদার, পাবনা বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সহকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স, পাবনা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশগ্রহণ করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ এবং জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফোর্স সদস্যরা।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা।
এছাড়াও পুলিশ সুপার ও জেলা প্রশাসক সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের এই মিলনমেলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।






