মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ০৬টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করে সর্বমোট ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার কিলন ও অপর একটি ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

অভিযান চলাকালে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বিধিমালা অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ দূষণ রোধ এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ঃ
১. মেসার্স এইচ এন্ড কে ব্রিকস, দাদপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
— জরিমানা আদায়: ২ লাখ টাকা।
২. মেসার্স বি আর বি ব্রিকস, চড়ুইমুড়ি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
— জরিমানা আদায়: ২ লাখ টাকা।
৩. মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচার, কয়ড়া চরপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
— জরিমানা আদায়: ২ লাখ টাকা এবং ভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
৪. মেসার্স পিবিসি ব্রিকস, গজারিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
— জরিমানা আদায়: ৩ লাখ টাকা।
৫. মেসার্স বেঙ্গল ব্রিকস-০১, পুকুরপাড়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
— জরিমানা আদায়: ৩ লাখ টাকা।
৬. মেসার্স সাফওয়ান রিসান (এসআরবি) ব্রিকস, ব্রক্ষ্মকাপালিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

জরিমানা আদায়: ১ লাখ টাকা এবং ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।






