ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্র :
জ্যোতির্বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, কৌতূহল এবং মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬’-এর আঞ্চলিক প্রতিযোগিতামূলক বাছাই পরীক্ষা। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে শহরের মুজিব সড়কে অবস্থিত জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত ২১তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের অংশ হিসেবে দেশের ১০টি আঞ্চলিক ভেন্যুর সঙ্গে একযোগে সিরাজগঞ্জেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সারা দেশে অনলাইনে প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরীক্ষা শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিরাজগঞ্জ আঞ্চলিক সমন্বয়ক উদয় পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী প্রতিযোগীর হাতে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার এবং সিরাজগঞ্জ অঞ্চলের উপদেষ্টা ফেরদৌস রবীন। বিশেষ অতিথি ছিলেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। এছাড়াও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিরাজগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগ মিলিয়ে মোট ৩০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবে। আগামী ২৯ থেকে ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য তিন দিনের আবাসিক ক্যাম্পে জাতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। সেখান থেকে চূড়ান্তভাবে ৫ জন প্রতিযোগী আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করবে।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এপেক্স, লিংক-৩, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এডিএন টেলিকম, ব্যাংক এশিয়া, সেভেন রিং সিমেন্ট, পাওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি, কেদারপুর টি এস্টেট, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস, রাশিয়ান হাউস ইন ঢাকা, শো অ্যান্ড টেল, প্রথম আলো, দূরন্ত টেলিভিশন, বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ড, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং চ্যানেল আই।




