মোঃ হোসেন আলী ছোট্র:: সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের অনিয়ম ও দুর্নীতি বন্ধে হটলাইন চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে নাগরিকদের সেবার মান স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক ভূমি অফিসের সিটিজেন কর্নারে গণ শুনানিতে অংশগ্রহণ করেন এবং নাগরিকদের সাথে কথা বলে তাদের ভূমি বিষয়ক পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য কমাতে রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে সাধারণ মানুষ যেকোনো হয়রানি বা অনিয়মের অভিযোগ সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।

তিনি জানান, জনগণকে যারা হয়রানি করে বা নির্ধারিত সেবা প্রদান থেকে বিরত থাকে—এমন কর্মকর্তা-কর্মচারী কিংবা দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে যে বোর্ড স্থাপন করা হয়েছে, সেখানে বিভাগীয় কমিশনারের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে।
জেলা প্রশাসক আরও বলেন, “কেউ যদি মনে করেন তিনি সঠিকভাবে সেবা পাচ্ছেন না, তাহলে পর্যাপ্ত প্রমাণসহ হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়া মাত্রই আমরা তা তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগের ফলে সরকারি সেবার মান আরও উন্নত হবে, সাধারণ মানুষ দালালদের খপ্পর থেকে মুক্তি পাবে এবং প্রশাসনের ভেতরে কোনো দুর্নীতি থাকলে সেটিও সহজেই উদঘাটিত হবে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু প্রমুখ।






