সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোডে জুয়েলস অক্সফোর্ড স্কুলের সামনে দীর্ঘদিন ধরে রাস্তার ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে ছিল। ফলে ছাত্র ছাত্রী , পথচারী এবং বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বহুদিন ধরে এ সমস্যা চলমান থাকলেও দ্রুত সমাধান হচ্ছিল না। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা নজরে আসে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তারের। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেন এবং দ্রুত কাজ শুরু করে দেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
“নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করি”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধান বান্ধী মহল্লার কৃতি সন্তান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।

তার নেতৃত্বে প্রতিদিন প্রায় ১৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবীর একটি দল ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, এ সময় দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায়ও এগিয়ে আসেন তারা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ড্রেন বা ম্যানহোল ভাঙা থাকলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপেক্ষা না করে নিজ অর্থায়নে তা মেরামত করে দেন হাজী আব্দুস সাত্তার।
এলাকাবাসী তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। হাজী আব্দুস সাত্তার জানান, “যতদিন বেঁচে থাকব, ততদিন সমাজসেবামূলক এ ধরনের কাজ করে যেতে চাই।”






