সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং নিরাপত্তার এক বিশ্বস্ত নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আজ পৌরবাসীর কাছে এক নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

১৯৬৬ সালে সিরাজগঞ্জ পৌরসভার দরগাঁ রোডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাইদুর রহমান বাচ্চু। তার পিতা মরহুম আবুল হোসেন এবং মাতা সৈয়দা শামছুন্নাহার। শিক্ষা জীবনে তিনি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বগুণ, সততা ও আদর্শের জন্য পরিচিত ছিলেন।

রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। ছাত্ররাজনীতিতে তুখোড় নেতৃত্বের কারণে ১৯৮৮ ও ১৯৮৯ সালে পরপর দুইবার সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। এরপর তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি কর্মজীবনেও তিনি সফল। ঠিকাদারি ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একাধিকবার ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

মানবিক কর্মকাণ্ডে সাইদুর রহমান বাচ্চু সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় তিনি ভদ্রঘাট গণস্বাস্থ্য কেন্দ্র থেকে খাদ্য সংগ্রহ করে পৌর এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ প্রতিরোধে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন। সাম্প্রতিক করোনাকালীন সময়েও তিনি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। বন্যা ও দুর্যোগকালীন সময়েও তার সহায়তার হাত সবসময় প্রসারিত ছিল।

রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রেও তিনি ছিলেন নির্ভীক ও আপসহীন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং অসংখ্য জনসভায় বক্তব্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দলীয় সংকটময় সময়ে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছেন এবং তাদের মনোবল অটুট রেখেছেন। দলীয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারাবরণও করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হলেও কখনো পিছপা হননি। বরং প্রতিটি প্রতিকূলতাকে সাহসিকতার সাথে মোকাবিলা করে রাজপথে সক্রিয় থেকেছেন। নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়া, কারাবন্দীদের পাশে দাঁড়ানো এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করেছেন।

তার এই ত্যাগ, সংগ্রাম ও মানবিক গুণাবলীর জন্য তিনি দলীয় শীর্ষ নেতৃবৃন্দের আস্থা অর্জন করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তাকে মেয়র পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করে সাইদুর রহমান বাচ্চু বলেন,আমি সিরাজগঞ্জ পৌরবাসীর খাদেম হয়ে থাকতে চাই এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।





