ফটোকার্ড
ইছাহাক হোসেন, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থীদের মধ্যে খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন এবং জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক (কোষাধ্যক্ষ) আলহাজ্ব আনোয়ার হোসেন।
শনিবার দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে প্রথম ধাপে এনায়েতপুর থানার আওতাধীন সদিয়া চাঁদপুর ও স্থল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
জামায়াতে ইসলামীর সাংগঠনিক সূত্র জানায়, সংশ্লিষ্ট ইউনিয়নের তৃণমূল দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
মনোনীত প্রার্থী ডা. মোফাজ্জল হোসেন বর্তমানে ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য। চিকিৎসক, রাজনৈতিক ও সমাজসেবক হিসেবে তিনি খুকনী ইউনিয়নসহ এনায়েতপুর থানাজুড়ে সুপরিচিত।
অন্যদিকে, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনীত আলহাজ্ব আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় পর্যায়ে একজন সজ্জন ও সমাজসেবী ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা আশা প্রকাশ করেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনীত প্রার্থীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের আদর্শ ও জনসেবার অঙ্গীকার নিয়ে জনগণের সমর্থন অর্জনে কাজ করবেন।





