রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ইফতি তাইফ (১৯) ও সাকিবুর (২০) নামের দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুরে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনই কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নামে ইফতি তাইফ ও সাকিবুর। নদীতে পানি ও স্রোত তুলনামূলক কম থাকলেও একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






