মো: মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে ২৫শে বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব। তিন দিনব্যাপী এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মোঃ ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। উৎসবের প্রথম দিনে উপজেলা শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শনার্থীরা।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবন, সাহিত্যকর্ম ও দর্শনের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। তাঁরা বলেন, শাহজাদপুরের এই কাছারি বাড়িটি কবিগুরুর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন। এটি মূলত ঠাকুর পরিবারের জমিদারি পরিচালনার কার্যালয় ও আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। এখানে অবস্থানকালেই তিনি ‘বিসর্জন’, সোনার তরী, চিত্রা ও চৈতালী-এর মতো কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেন।

বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত এই ভবনে কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র ও দুর্লভ নথিপত্র সংরক্ষিত রয়েছে। নিওক্লাসিক্যাল স্থাপত্যশৈলীতে নির্মিত দোতলা ভবনের ওপরের গম্বুজাকৃতির নকশায় মোগল স্থাপত্যের ছোঁয়া রয়েছে।
হাজারো দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান উৎসবমুখর ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়েছে।





