রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার একটি অন্যতম সমস্যা হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। বর্তমানে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। শহর থেকে শুরু করে গ্রামেও এটি সহজলভ্য।
আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাজা, ফেনসিডিল, মদ, আফিম, হেরোইন, কোকেন, প্যাথেডিন, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এমনকি জুতার আঠাও রয়েছে। এসব ভয়ানক নেশা জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। সেই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষার উদ্দ্যেশে ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে ১৭ আগস্ট ২০২৫ রবিবার ভোরে রাণীশংকৈল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এ উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা কামাল (৫৫), পিতা- নুর আলীকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা কামালকে রাণীশংকৈল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।






