সোহান সেখ,সিরাজগঞ্জ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ঢাকা মহানগর দায়িত্বপ্রাপ্ত নেতা মোশারফ আদনান। সম্প্রতি তিনি দৈনিক আজকের সিরাজগঞ্জ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
মোশারফ আদনান জানান, তার জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। তিনি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়াশোনা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজ উপজেলা নিয়ে স্বপ্নের কথা বলতে গিয়ে আদনান বলেন, আমার রাজনৈতিক যাত্রা নতুন হলেও আমি সবসময় এমন কিছু করতে চাই যা মানুষের উপকারে আসে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে আমি অনেক দিন ধরে কাজ করছি। পলিটেকনিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, এখনো শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছি।
তিনি আরও জানান, উপজেলায় নতুন টেকনিক্যাল ইনস্টিটিউট বা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের বিষয়ে তিনি ইতিমধ্যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
ইনশাআল্লাহ, শিগগিরই মন্ত্রণালয় থেকে ইতিবাচক খবর পাবো, বলেন আদনান। এটি আমাদের উপজেলার বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মোশারফ আদনান বলেন, রাজনৈতিকভাবে আমি এখনো শুরুর পর্যায়ে। কেন্দ্র থেকে আনুষ্ঠানিক দিকনির্দেশনা এখনো পাইনি। জাতীয় নির্বাচন সামনে হলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রবল, কারণ এখানেই জনগণের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ বেশি।
উপজেলার জনগণের উদ্দেশে তিনি বার্তায় বলেন, জাতীয় নাগরিক পার্টি সবসময় বলে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতা জনগণের জন্য। তাই আমি আমার উপজেলার জনগণের কাছে অনুরোধ করছি, পার্টির জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমরা সবাই মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা।






