সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগদান উপলক্ষ্যে জেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে দোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১১ জানুয়ারি রোববার বগুড়া যাওয়ার পথে জেলার বিসিক শিল্প পার্কে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে তাতে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন ও বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিল কেন্দ্র করে সিরাজগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






