ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার খামারিরা এখন কোরবানির পশু লালন-পালন ও বিক্রির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে ছোট-বড় খামারে গরু, মোটাতাজাকরণে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা।
খামারিরা জানান, কয়েক মাস ধরে অধিক যত্ন ও উন্নত খাবার দিয়ে পশু প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পশুর খাবার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অনেক খামারিই আশা করছেন, এবারের ঈদে পশুর ভালো দাম পাওয়া যাবে।
এনায়েতপুরের বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। এতে স্থানীয় বাজারে কোরবানির পশুর চাহিদাও বাড়তে পারে ।
খামারি মোঃ শামসুল আলম জানান , গোখাদ্যের দাম কম থাকলে ও পরিচর্যার খরচ কম হলে তারা আশাবাদী যে ঈদের বাজারে ভালো বিক্রি হবে। আরও বলেন ভারতের গরু অবৈধভাবে আমাদের দেশে না আসলে এবং দেশি গরু দিয়ে বাজার জাত করলে আমাদের মতো যারা খামারি রয়েছে তারা ভালো ব্যবসা পাবে। ও ক্রেতারাও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু কিনতে খামারমুখী হবে।






