কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা নিজের প্রথম মাসের সম্পূর্ণ বেতন একটি মসজিদে দান করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার প্রথম মাসের বেতনের ১ লাখ ৪৭ হাজার টাকা উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন ও পরিচালনার জন্য প্রদান করেন।শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ আদায় করতে তিনি পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে যান। নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে বেতনের পুরো অর্থ তুলে দেন তিনি। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তার এই ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ হন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।
স্থানীয়দের ভাষ্য, কাজিপুরের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। তাদের মতে, এই প্রথম কোনো সংসদ সদস্য নিজের প্রথম মাসের অর্জিত পুরো বেতন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দান করলেন। ফলে এমপি সেলিম রেজার এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, সাধারণ মানুষের মধ্যে তার এই দানশীলতা ও ধর্মীয় মূল্যবোধের প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে।






