সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলা ও নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ।
বুধবার (২০ মে ২০২৬) সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারে মসলা ও নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি, পণ্যের সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়গুলো তদারকি করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ করা হয়নি, মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু পণ্যে মোড়ক ব্যবহার করা হয়নি। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মুক্তি ভান্ডারকে ৮ হাজার টাকা এবং মেসার্স মাহদী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়েও সতর্ক করা হয়।

অভিযানে বাজারে মসলা-সহ নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। বর্তমানে বাজারে কোনো ধরনের সংকট নেই বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।
এ সময় টাস্কফোর্স অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।






