সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ৯নং হাটিকুমরুল ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ মারুফ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেকাব আলী, ৪নং ওয়ার্ড সদস্য বাহাদুর ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য সাহা আলীসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর হাটিকুমরুল ইউনিয়নে মোট ৩ হাজার ৩৬১টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডধারী পরিবারের মাঝে সরকার নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে প্রশাসক মোঃ মারুফ হোসেন বলেন “সরকারের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। যেন কোনো ধরনের অনিয়ম বা কারচুপি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে।”
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেকাব আলী বলেন,
“আমরা পূর্বেও সফলতার সঙ্গে ভিজিএফের চাল বিতরণ করেছি। এবারও সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করছি, আল্লাহর রহমতে প্রত্যেক উপকারভোগী সরকার নির্ধারিত সঠিক পরিমাণ চাল বুঝে পাবেন।”
চাল নিতে আসা অনেক উপকারভোগী সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পর্যাপ্ত তদারকির ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।






