ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল ওয়াহাবকে সংবর্ধনা প্রদান করেছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদল।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল সাড়ে ১১ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্ক সংলগ্ন এলাকায় কালিয়া হরিপুর ইউনিয়নে আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের নেতা মো. গোলাম কিবরিয়া বরাদ। তিনি বলেন, কেন্দ্রীয় পর্যায়ে আব্দুল ওয়াহাবের এই অর্জন তৃণমূলের নেতাকর্মীদের জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সহধর্মিনী মুরশিদা জাহান নিপা এবং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান মনির। তারা তাদের বক্তব্যে আব্দুল ওয়াহাবের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন।

এ সময় কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মেহরাব হোসেন ও আলমগীর পরান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী হাসান দবির।

সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





