ফটোকার্ড
মোঃ রাকিব হাসান ,জামালপুর: প্রতিনিধি:
জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় মাদকের বিস্তার ও মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাজ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে রবিবার (৫ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি মুসলিমাবাদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, শহীদ হারুন সড়ক ও চামড়া গুদাম এলাকা প্রদক্ষিণ করে। এতে এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, সমাজসেবক, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘হুঁশিয়ার, সাবধান—মাদক ব্যবসায়ীর ঠিকানা মুসলিমাবাদে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত না করা পর্যন্ত সামাজিক আন্দোলন ও প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তব্য দেন মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছায়েদুজ্জামান মাস্টার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাবেক কাউন্সিলর মো. সালামত, মাদক নিধন কমিটির উত্তর শাখার সভাপতি রুকুনুজ্জামান রুকন এবং দক্ষিণ শাখার সভাপতি সেতু সরকার।
বক্তারা অভিযোগ করেন, মাদকের বিস্তারের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন মাদক কারবারির কারণে পুরো এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মুসলিমাবাদে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর স্থান হবে না।




