শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
সিরাজগঞ্জে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খানের উদ্যাগে তীব্র শীতে কষ্টে থাকা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়ার উপজেলার
নেওয়ারগাছা এলাকায় অবস্থিত সিমকী ইমাম খান বাগিচায়
পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান সকলের উচিত এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে সমাজে মানবিকতা ও সহমর্মিতা আরও দৃঢ় হবে।

এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ ধরনের সহায়তা শীত মৌসুমে তাদের জন্য বড় স্বস্তি ও সহায়তা।






