ঢাকা : এনসিপির একটি নেতাকর্মীর দিতে চোখ তুলে তাকালে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের।’
তিনি আরও বলেন, ‘এনসিপির কোনো নেতাকর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। মনে রাখবেন, টেকনাফ থেকে তেতুঁলিয়া, রূপসা থেকে পাথরিয়া- এনসিপির একটি নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।’
তিনি বলেন, ‘আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া- এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।






