সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সড়কে প্রায়ই বাড়ছে দুর্ঘটনা। একটি অসাবধানতা, একটি ভুল সিদ্ধান্ত কিংবা সামান্য বেপরোয়া আচরণ মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। আর সেই শূন্যতা সারাজীবনের জন্য বয়ে বেড়াতে হয় পরিবার ও স্বজনদের। তাই আসন্ন ঈদযাত্রা ও চলমান ভ্রমণ মৌসুমে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, “আপনার প্রিয়জন আপনাকে চায়, আপনার লাশ নয়। তাই তাড়াহুড়া নয়, সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে নিরাপদে বাড়ি ফিরুন।”
তিনি আরও বলেন, সড়কে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী— সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো এবং ক্লান্ত অবস্থায় ড্রাইভিং থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মির্জা মোস্তফা জামান বলেন, একটি দুর্ঘটনা শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই পরিবারের মুখের হাসি অটুট রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং ধৈর্যের সঙ্গে যাত্রা করতে হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান সকল পরিবহন শ্রমিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, “একটু সচেতনতা ও মানবিকতা পারে বহু প্রাণ রক্ষা করতে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
সচেতন মহল মনে করছেন, মানবিক ও হৃদয়স্পর্শী এ ধরনের বার্তা মানুষের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।






