সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি:
“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বাজারে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূমিহীন সংগঠন ও নিজেরা করি সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শিশু রামিসাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তারা।
মানববন্ধন পরিচালনা করেন অবনীন্দ্রনাথ রায়। এ সময় উপস্থিত ছিলেন ঘুরকা আঞ্চলিক কমিটির সভাপতি মোছা. খোদেজা বেগম, আঞ্চলিক কমিটির সদস্য শ্রীমতি রমা রানী, ঘুরকা বাজার কমিটির সেক্রেটারি মো. ফখরুল ইসলাম ঝন্টু এবং গ্রাম কমিটির সদস্য মো. নান্নু শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে অবনীন্দ্রনাথ রায় বলেন, “একটি সভ্য সমাজে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা জাতিকে ব্যথিত করছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না।”
আঞ্চলিক কমিটির সভাপতি মোছা. খোদেজা বেগম বলেন, “রামিসার মতো নিষ্পাপ শিশুদের উপর নির্যাতন পুরো সমাজের জন্য লজ্জাজনক। আমরা চাই, কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। শিশু ও নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।






