মোঃ হোসেন আলী ছোট্ট :
বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় বাঙালির অনুপ্রেরণার অন্যতম প্রতীক বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার মহান কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সমাজচিন্তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় রয়েছে অসাম্প্রদায়িকতা, মানবতা, সাম্য ও বিদ্রোহের অনন্য বার্তা। তিনি আজীবন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছিলেন। তাঁর সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে ন্যায়, সত্য ও মানবিকতার পথে অনুপ্রাণিত করে আসছে। বক্তারা বর্তমান প্রজন্মকে নজরুলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর কায়েম সবুজ, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, নজরুল একাডেমি সিরাজগঞ্জের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠুসহ সংস্কৃতিকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নজরুলসংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।






