ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা রোডে অবস্থিত শাহীন স্কুলে ঘটে যায় এক উদ্বেগজনক ঘটনা যা মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। স্কুলটির দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোঃ তানভীর হোসেন (৮) ক্লাস চলাকালীন খেলতে গিয়ে অসাবধানতাবশত ক্লাসরুমের দেয়াল ও পিলারের মাঝখানে মাথা আটকে ফেলে।
ঘটনাটি দেখে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সংবাদ পাওয়ার সাথে সাথেই একটি দক্ষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম অত্যন্ত ধৈর্য,দক্ষতা ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। সূক্ষ্ম কৌশল প্রয়োগ করে তিনি শিশুটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তার বক্তব্যে তিনি বলেন,
এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছি। শিশু তানভীরকে নিরাপদে উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন।
উল্লেখ্য: সৌভাগ্যবশত তানভীর সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় শিক্ষক,অভিভাবক ও উপস্থিত সবার মাঝে স্বস্তি ফিরে আসে।ফায়ার সার্ভিসের এমন দ্রুত,দক্ষ ও মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলেই।






