নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নদী দিয়ে ঘেরা দুর্গম চর নতুন মাইজবাড়িতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা শুক্রবার তারেক রহমানের ৩১দফা বিতরণ ও জনসভা করেছেন। তিনি শুক্রবার সারাদিন চরাঞ্চলের ব্যাপক দুর্গম এলাকা নতুন মাইজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে লিফলেট প্রচারণা কর্মসূচি ও গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ জানতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে নিয়ে কতটা সৃজনশীল চিন্তা করেছেন। এই ৩১ দফা সাধারণ গরিব দুঃখী মানুষের জীবনে পরিবর্তন ঘটাবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরো বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। জনগণের কাছে এই কর্মসূচি তুলে ধরতে (সিরাজগঞ্জ-১) আসনের সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে আমরা ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।
৩১ দফা প্রচার ও জনসভা শেষে স্থানীয় ক্যান্সার আক্রান্ত ছনি খাতুন (ছদ্মনাম) কে দেখতেও সার্বিক সহযোগিতা করতে তার বাড়িতে যান। এ সময় তিনি ক্যান্সার আক্রান্ত মেয়েটির পরিবারকে সান্ত্বনা দেন। ব্যক্তিগত তহবিল থেকে কিছু আর্থিক সহযোগিতা করেন ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।
কর্মসূচিতে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।






