ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক বাবু ও মাহমুদপুর যুগান্তর সংসদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন স্থানীয় এলাকাবাসী।
ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের জন্য ছিল ৪০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধ, হাড়িভাঙ্গা ও লং জাম্প। মহিলাদের জন্য আয়োজন করা হয় মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, পুকুরপাড় ও সুই-সুতা প্রতিযোগিতা। এছাড়া শিশুদের জন্য ছিল মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড় এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা।
ঈদের আনন্দ বাড়াতে খেলাধুলার পাশাপাশি মেলায় ছিল নাগরদোলা, নৌকার দোলনা, শিশুদের জন্য ছোট ট্রেনসহ বিভিন্ন বিনোদন ব্যবস্থা। এছাড়া ফুচকা, চটপটি, খেলনা, হাতের মেহেদি ও ঝুড়ি বন্দি খেলাসহ নানা দোকান বসে।
আয়োজক মোঃ আব্দুল রাজ্জাক বাবু জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






