মোঃ হোসেন আলী( ছোট্ট): নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ঐতিহ্যবাহী হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকলের দিকে পৌর শহরের হৈমবাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে এই পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।
শোক দিবসের কারনে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সময়মতো পড়াশোনা শুরু করতে পারবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রোজিনা আক্তার,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. সাহাব উদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানা,হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানা বলেন এবার আমরা প্রাক প্রাথমিকসহ সর্বমোট ২৭২ সেট হাতে পেয়েছি। প্রত্যেক ক্লাস থেকে ৫জন শিক্ষার্থীকে বই দিয়ে আমরা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছি। পরে উপস্থিত বাকী ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। পরে যারা আসবে তাদেরকেও বই দেওয়া হবে। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে নতুন বইয়ের পাতা। তাদের মাঝে যেন এক আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য : জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এদিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ সম্পন্ন করা হয়। জেলার ১ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক শাখাগুলোতেও একযোগে বই বিতরণ করা হয়।






