নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে খোঁজখবর না নেওয়ায় কামরুল হাসান ও তাঁর পরিবার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন। পরিবারের দাবি, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত বিএনপি কিংবা সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের কোনো নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।
কামরুল হাসান জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত ১৭ বছর তিনি নানা অত্যাচার, অবিচার, হামলা ও মামলার শিকার হয়ে নিজ বাড়িতে থাকতে পারেননি। দীর্ঘদিন দল ও দলের নেতাদের জন্য ত্যাগ স্বীকার করলেও অসুস্থতার এই কঠিন সময়ে দলীয় সহানুভূতি ও খোঁজখবর না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তার পরিবারও একই ক্ষোভ প্রকাশ করে জানায়, একজন ত্যাগী নেতার এই দুর্দিনে দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হলে তা অন্তত মানসিক শক্তি জোগাত। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো সাড়া না পাওয়ায় তারা হতাশ ও মর্মাহত।
গত বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে কামরুল হাসান মাটিতে পড়ে যান এবং তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর)-এর জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার বাম পায়ের কব্জি ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত শঙ্কামুক্ত থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কামরুল হাসান সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সিনিয়র সদস্য। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ রানা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দলের জন্য তার ত্যাগ ও আত্মনিবেদন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।






