নয়ন খান, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে “দক্ষতার পথে তারুণ্য” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে, লিড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশনের বাস্তবায়নে এই প্রশিক্ষণ সেশনটির আয়োজন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় সিরাজগঞ্জ নাট্যলোক অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণ সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সাইম ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিরাজগঞ্জ-এর জনসংযোগ কর্মকর্তা মোছা. কর্নিয়া খাতুন কলি, জেনারেল সেক্রেটারি ইমরুল কায়েস হৃদয় এবং নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম, সিরাজগঞ্জ-এর প্রতিষ্ঠাতা মো. আবু সালেহ মুছা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষতা ছাড়া টেকসই কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, এই উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ১৫০ জন তরুণ-তরুণীকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন ও কম্পিউটার অফিসিয়াল বেসিক প্রশিক্ষণ প্রদান করা হবে, যা তাদের কর্মজীবনের জন্য অত্যন্ত সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম-এর প্রতিষ্ঠাতা মো. আবু সালেহ মুছা বলেন,“আমাদের তরুণদের মধ্যে অগাধ সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের সুযোগ পেলে তারাই আগামীর নেতৃত্ব দেবে। আমি ও আমাদের সংগঠন তরুণদের পাশে থেকে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
প্রশিক্ষণ কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত মোট ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, তরুণদের ক্ষমতায়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।







