সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চালু করা হয়েছে “বিশেষ পুলিশ সেবা”, যা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।
জানা গেছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, ছিনতাই ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, টহল জোরদার এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর উদ্যোগে ঈদযাত্রায় স্বস্তি দিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ “বিশেষ পুলিশ সেবা” (মেডিকেল টিম ও ভ্রাম্যমান ওয়ার্কশপ) চালু করেছেন।
বিশেষ পুলিশ সেবার মাধ্যমে উত্তরাঞ্চলে যাতায়াতকারীদের যানবাহনের চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে পুলিশের একটি মেডিকেল টিম ও তিনটি ভ্রাম্যমাণ ওয়ার্কশপ গঠন করা হয়েছে। ঈদযাত্রায় যাত্রীরা দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিক মেডিকেল টিম উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ সময়জুড়ে এই ওয়ার্কশপগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এবং নিয়মিত টহলে থেকে মহাসড়কে কোনো গাড়ি বিকল হয়ে পড়লে সম্পূর্ণ বিনা মূল্যে তাৎক্ষণিকভাবে গাড়ি মেরামত করে আবার চলাচল উপযোগী করতে সহায়তা করা হচ্ছে। এছাড়াও গাড়িতে ভলকানাইজিং ও জরুরী জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপদ ঈদযাত্রায় পুলিশ আছে আপনার পাশে।

এছাড়াও যাত্রীদের সহায়তায় হাইওয়ে ও ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সড়কে কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে হটলাইন নম্বরও চালু রাখা হয়েছে।
পুলিশ সুপার বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা আমাদের প্রধান লক্ষ্য। যেকোনো ধরনের ভোগান্তি কমাতে এবং অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
এদিকে যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এমন কার্যক্রম ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করে।

সিরাজগঞ্জ জেলা পুলিশের এ বিশেষ সেবা কার্যক্রম ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য -সিরাজগঞ্জ জেলা পুলিশ সেবা, শৃঙ্খলা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।






