ফটোকার্ড
তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে গরিব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) তাড়াশ পৌর সদরের জি.কে.এস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৯০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন তাড়াশের বিশিষ্ট সমাজসেবক ও জি.কে.এস হাসপাতালের পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক প্রতিষ্ঠান শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ছানি রোগে আক্রান্ত এবং লেন্স প্রতিস্থাপনের উপযোগী ১২০ জন অসহায় রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বগুড়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলেন, বিনামূল্যে এমন চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শত শত অসহায় মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন ছিল, তাদের বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় তারা নতুন করে আলোর মুখ দেখার আশা করছেন। এতে শুধু রোগীরাই নন, তাদের পরিবারও ব্যাপকভাবে উপকৃত হবে।





